রোজদিন ডেস্ক :
কর্ণাটকের কারওয়ারের আরাবাইল ঘাটে আজ এক পথ দুর্ঘটনায় ৬ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪ জন। বিদেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত ও আহতরা সকলেই বন্ধু। বুধবার রাতে তাঁরা ধামস্থলা ও চিকমাগালুর বেড়াতে যাচ্ছিলেন। আজ সকালে ইয়েল্লাপুরা থেকে আঙ্কোলা গামী একটি ট্রাক বালাগার এলাকায় তাঁদের ক্রুজার গাড়িকে জোর ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়৷ ঘটনাস্থলেই ৬ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। স্থানীয় মানুষ দ্রুত তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।তাঁরা আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ এসে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠায়।
দুর্ঘটনায় নিহত ৬ তরুণ বন্ধু বাসবরাজ, অভিষেক ঈশ্বর, অক্ষর, অভিষেক মল্লেশ, সঞ্জীবা ও সঞ্জয় আঙ্গোদি র মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন৷ তিনি শোকসন্তপ্ত পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
কিভাবে এই দুর্ঘটনা হল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment