রমিত সরকার, নদিয়া:
নদিয়ার নাকাশিপাড়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্যকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম নোয়াজেব আলি মণ্ডল (জিয়ার)। তিনি নাকাশিপাড়ার বান্দাখোলা এলাকার বাসিন্দা এবং নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির একজন তৃণমূল কংগ্রেসের সদস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে এলাকার এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে নোয়াজেব আলি মণ্ডলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নাকাশিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ ও তথ্য সংগ্রহের পর অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার নাকাশিপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে নোয়াজেব আলি মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে আদালতে তোলা হবে এবং প্রয়োজনে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হবে।
এই গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে নাকাশিপাড়া এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের দাবি, আইন অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং মামলার পরবর্তী পদক্ষেপ আদালতের নির্দেশ অনুযায়ী নেওয়া হবে।

Be the first to comment