রোজদিন ডেস্ক :
তৃণমূলের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ আজ বিকেলে বিজেপিতে যোগ দিলেন। রাজ্যে পালাবদলের পর সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক সাংসদ পদে ইস্তফা দেন। তাঁদের শুন্য আসনে আগামী ২৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁরাই এই তিন আসনে প্রার্থী হবেন কিনা প্রশ্নে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সহাস্য কৌশলি জবাব, চর্চা চলুক না!
রাজনৈতিক কারবারিরা মনে করেন, সুখেন্দু শেখর রায় ফের প্রার্থী হতে পারেন৷ সুস্মিতা দেব আগে জানিয়েছিলেন, তিনি অসম রাজনীতিতে যোগ দিতে আগ্রহী।
এইদিনই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি দেখা করতে যান। গত ৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতায় তাঁর ঝটিকা সফরকালে ও প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি গেছিলেন। বিজেপি তাঁকে রাজ্যসভার সাংসদ করতে চায় বলে চর্চা এখন তুঙ্গে।
তৃণমূলের প্রাক্তন তিন সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে সল্টলেকের বিজেপি রাজ্য দফতর আজ রীতিমত সরগরম ছিল৷ দৃশ্যত খুশি শমীক ভট্টাচার্য জানান, এই যোগদান ব্যতিক্রমী ঘটনা, কোন ও বিচ্যুতি নয়। তৃণমূলের নেতা কর্মীদের জন্য তাঁদের দরজা বন্ধ, আগেও বলেছেন, আজ ও বলছেন। সঙ্গে যোগ করেন, তৃণমূলের যাঁরা দুর্নীতি করেন নি, চাকরি বিক্রি করেন নি,মানুষের অধিকার কাড়েননি, তাঁরা তাঁদের আহবান জানিয়েছিলেন, ওঁরা সেই ডাকে সাড়া দিয়েছেন।
শমীক ভট্টাচার্য আরও বলেন, এই রকম যাঁরা আছেন, তাঁদের তো তাঁরা আগেই পাশে চেয়েছেন। তাঁদের দলে স্বাগত জানাতে কোন সমস্যা নেই।
সুস্মিতা দেব জোরের সঙ্গে বলেন, তিনি কোন দুর্নীতিতে যুক্ত ছিলেন না। এমন অবিশ্বাস্য দুর্নীতি যে হতে পারে তা তৃণমূলে এসে কাছে এসে দেখেছেন৷
একই সুর সুখেন্দু শেখর রায়েরও।
শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, সবারই অতীত থাকে। তৃণমূল থেকে আসা এই তিনজনের এখন একটাই পরিচয়, তাঁরা বিজেপি কর্মী।
দুর্নীতি না করা তৃণমূল নেতা কর্মীদের প্রতি তাঁর উদাত্ত আহবানে কারা সাড়া দেন, রাজনৈতিক মহল এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment