রোজদিন ডেস্ক : ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড আর নেই। ৯২ বছর বয়সে বাইশ গজের দুনিয়াকে চিরবিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। পুরো নাম হ্যারল্ড ডেনিস ডিকি বার্ড। ইয়র্কশায়ার ক্রিকেট কাউন্টি ক্লাবের তরফে তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়েছে। এই ক্লাবের হয়েই তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। ইয়র্কশায়ার ছাড়াও লিসেস্টারশায়ারের হয়েও কাউন্টি ক্রিকেট খেলেছেন ডিকি। প্রথম জীবনে চুটিয়ে ফুটবলও খেলেছেন। পরে শুরু করেন ক্রিকেট। খেলা ছাড়ার পর মনোনিবেশ করেন আম্পায়ারিংয়ে। ১৯৭১ সালে শুরু করে ধীরে ধীরে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হয়ে উঠেন তিনি। তাঁর মৃত্যুতে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব বলেছে, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হচ্ছে যে হ্যারল্ড ডেনিস ডিকি বার্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওঁর বয়স হয়েছিল ৯২ বছর। পরম শান্তিতে তিনি পরপারে গিয়েছেন। এই কঠিন সময়ে ডিকির পরিবারকে সমবেদনা জানাচ্ছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।ইয়র্কশায়ারের ইতিহাসে অন্যতম মহান ব্যক্তিত্ব হিসেবে ওঁর কথা স্মরণ করা হবে।’ আম্পায়ারিং কেরিয়ারে বার্ড মোট ৬৬টি টেস্ট এবং ৬৯টি ওয়ানডে পরিচালনা করেন। তিন তিনটি বিশ্বকাপে আম্পায়ারিং করার নজির রয়েছে তাঁর। ১৯৯৬ সালে ডিকি বার্ড লর্ডসে ভারত ও ইংল্যান্ড টেস্ট ম্যাচে শেষবার আম্পায়ারিং করেছিলেন। ওই ম্যাচেই ডেবিউ করেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট দুনিয়ায় সঠিক সিদ্ধান্তের জন্য তিনি যথেষ্ট সম্মান অর্জন করেছিলেন।

Be the first to comment