পুজোমণ্ডপ (Durga Puja) উদ্বোধনে মুখ্যমন্ত্রী, বাংলা জুড়ে শুরু শারদোৎসব

Spread the love

রোজদিন ডেস্ক : মহালয়ার আগের দিনই শুরু হয়ে গেল বাংলা জুড়ে শারদোৎসব (Durga Puja)। শনিবার দুপুর থেকে আনুষ্ঠানিক ভাবে পুজো মণ্ডপ উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রথমে তিনি যান হাতিবগান সর্বজনীনের পুজোমণ্ডপে। তারপর টালা প্রত্যয়। এদিন তাঁর শেষ গন্তব্য ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আগামীকাল মহালয়ার দিনও সশরীরে আরও কয়েকটি পুজোর উদ্বোধন করার সূচি রয়েছে তাঁর।

এছাড়াও ভার্চুয়ালি প্রায় তিন হাজারেরও বেশি পুজোর উদ্নোধন করবেন তিনি। বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরুটা হয়ে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে। উৎসবের আবহে জারি রইল প্রতিবাদের স্বরও। বিজেপির ভাষাসন্ত্রাস এবং বাঙালি-বিদ্বেষের বিরুদ্ধে নাম না-করে সরব হলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা প্রত্যেকেই মাতৃভাষাকে ভালবাসি। আমরা অন্যের ভাষাকেও সম্মান করি। কিন্তু শুধুমাত্র বাংলায় কথা বললে অত্যাচার করবে এটা মানব না। মনে রাখতে হবে প্রত্যেকের একটা নিজস্বতা আছে। বাংলাতেও বাইরে থেকে আসা ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক আছে। বাংলার শ্রমিকদের দক্ষতা আছে বলেই এখান থেকে অন্য রাজ্যে তাঁদের ডেকে নিয়ে যাওয়া হয়।

উৎসবের মঞ্চ থেকে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বাংলাতেও আমরা ঐক্যবদ্ধভাবেই পরস্পরের সঙ্গে থাকি। এটাই আমাদের ঐতিহ্য। শনিবার পরপর তিনটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি মণ্ডপ দেখতে এসেছি। মহালয়া থেকে দেবীর বোধন হবে। বর্তমান আবহাওয়াতে অনেকেরই জ্বর-সর্দি-কাশি হচ্ছে তাই সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। টালা প্রত্যয়ে তিনি বলেন, আমাকেও একটু সাবধানে থাকতে হচ্ছে। কারণ প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন করতে হবে। জ্বর হলে মুশকিল। প্রতি বছরই মুখ্যমন্ত্রীর পুজোর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার অন্যথা হবে না। তিনি নিজেই জানালেন, এবার তাঁর ১৭টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে। যেখানে ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়-সহ বহু নামীদামি শিল্পীরা গেয়েছেন। এছাড়াও ১০-১১ বছরের মতো এবারও মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজোর থিম সং তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।


এছাড়াও অজেয় সংহতির জন্য গান তৈরি করেছেন। গেয়েছেন ইন্দ্রনীল সেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ‘মাগো তুমি সর্বজনীন’ এবং ‘এই পৃথিবী একটাই দেশ’ এই গান দু’টি সুপার-ডুপার হিট হয়েছে। গোটা বাংলাজুড়ে পুজোমণ্ডপে এই গানগুলি এখন বাজছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*