রোজদিন ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে খবর, আগামী ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিনটি জেলায় এ সংক্রান্ত কাজকর্ম পরিদর্শন করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশে এই পরিদর্শক দলে থাকছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও অভিনব আগরওয়াল। তাঁদের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, প্রতিনিধিরা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই তিন জেলা পরিদর্শনে যাবেন। মূলত বিএলও-দের কাজের মান ও প্রক্রিয়ার গুণমান খতিয়ে দেখাই তাঁদের লক্ষ্য।
ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় ৭৬ লক্ষ ৬৩ হাজার ৭৫২ জন ভোটারের তথ্য সংযোজন বা সংশোধনের জন্য ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ফর্ম বিতরণ শুরু হচ্ছে। এর মধ্যে ২৪ লক্ষ ৫৭ হাজার ১১৪ জনের মানচিত্রভিত্তিক ভোটার তথ্য ম্যাপিং সম্পূর্ণ হয়েছে। প্রায় ৩২.০৬ শতাংশ ভোটারের তথ্য মেলানো সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং পুলিশ, প্রশাসনকেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলির তরফে ৪১ হাজার ৮০০ জন বুথ লেভেল এজেন্ট মনোনীত করে কমিশনের কাছে পাঠানো হয়েছে।
আগামী ৯ নভেম্বর থেকে নতুন নাম সংযোজন শুরু হবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment