রোজদিন ডেস্ক : সোমবার থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এই মর্মে সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার পাঁচই জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে জেলাশাসকেরা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাবেন। সেখান থেকে সেই রিপোর্ট পাঠানো হবে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের।সদর দফতরে। এই মুহূর্তে রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া।
কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক মহলের ধারণা, সেই সফরের পরেই আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। ফলে হাতে সময় খুব বেশি নেই। এই প্রেক্ষিতে প্রস্তুতির কাজ অনেক আগে থেকেই শুরু করে দিল কমিশন।
বিগত নির্বাচনগুলিতেও ভোটের আগে আইনশৃঙ্খলার সাপ্তাহিক রিপোর্ট নেওয়া হয়েছে। তবে এবার সেই প্রক্রিয়া আরও আগে ভাগেই শুরু হল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর শুরু থেকেই কড়া নজর রাখতে চায় কমিশন। তাই কোনও ঝুঁকি না নিয়েই আগাম এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভোটের আগে নজরদারি আরও শক্ত করতে ইতিমধ্যেই ২৫টি নোডাল এজেন্সি নিয়োগ করা হয়েছে। সোমবার থেকেই তারা কাজ শুরু করবে। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে আলাদা কমিটি গঠন করা হয়েছে, যারা এই নোডাল এজেন্সিগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। আইনশৃঙ্খলা, প্রশাসনিক প্রস্তুতি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখাই এই কমিটির দায়িত্ব।

Be the first to comment