রোজদিন ডেস্ক : একে টলিউড তারকা, তার ওপর প্রাক্তন সাংসদ। তবে কী ফিল্ম, কী রাজনীতি, কোনও ক্ষেত্রেই খুব একটা বিতর্কে জড়াতে দেখা যায়নি মিমি চক্রবর্তীকে। শুধু করোনাকালে একবার ভেজাল ভ্যাকসিন-কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। তবে ওই ঘটনায় বেনিফিট অফ ডাউট তার দিকেই ছিল। তাই জল বেশিদূর গড়ায়নি। কিন্তু এবার বড়সড় প্যাঁচে পড়তে চলেছেন অভিনেত্রী। নাম জড়িয়েছে এক ব্যাটিং অ্যাপের সঙ্গে। অভিযোগ, এই অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন তিনি। সেই সূত্রেই তাঁকে তলকব করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। নোটিস পেয়ে সোমবার সকালে নির্দিষ্ট সময় তিনি পৌঁছে গিয়েছেন নয়াদিল্লির ED দপ্তরে। আপাতত চলছে জেরা। বেআইনি বেটিং অ্যাপ দুর্নীতি চক্রে যুক্ত থাকার অভিযোগে মিমিকে দিল্লির সদর দফতরে তলব করে ইডি। অভিযোগ, ভারতে বেটিং এবং অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ওই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন মিমি। সেই সূত্রে পেয়েছেন আর্থিক সুবিধা। সূত্রের খবর, কীভাবে এই বেআইনি অ্যাপ সংস্থার থেকে মিমি টাকা নিয়েছেন, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা বিস্তারিত জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। কার মাধ্যমে যোগাযোগ, তাও জানতে চাওয়া হয়। মিমি ছাড়াও অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও তলব করেছে ED। কাল মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মিমির পক্ষ নিয়ে কোনও মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেস।

Be the first to comment