রোজদিন ডেস্ক, কলকাতা:- ৩ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি-সংক্রান্ত মামলায় রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে আগামী ৫ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডি’র।
সম্প্রতি ইডির তরফে অনিল আম্বানি-ঘনিষ্ঠ কিছু সংস্থার একাধিক অফিস ও স্থানে হানা দেওয়া হয়। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হার্ডড্রাইভ সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের দাবি, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) রিলায়্যান্স গোষ্ঠীর একাধিক সংস্থাকে প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণ দেয়। সেই ঋণের অর্থ অবৈধভাবে অন্যত্র সরানো হয়েছিল বলে অভিযোগ। ইডির মতে, ঋণের অনুমোদনের আগে ইয়েস ব্যাঙ্কের প্রোমোটারদের ঘনিষ্ঠ সংস্থাগুলিতে বিপুল ঘুষের টাকা ঢুকেছিল। সংস্থাগুলি ও ব্যাঙ্কের মধ্যে ‘ঘুষের যোগ’ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছে ইডি।
এছাড়াও তদন্তে আরোও উঠে এসেছে, একাধিক ঋণ সংস্থা একই ডিরেক্টরের অধীনে চলত, অনেকেরই অফিস ঠিকানা ছিল এক, যাঁদের আর্থিক ভিত্তি যাচাই করা হয়নি। ঋণ মঞ্জুরের সময় প্রয়োজনীয় নথিও ছিল না অনেক ক্ষেত্রে। এছাড়া, নতুন ঋণ দিয়ে পুরনো ঋণ শোধ করার মতো ‘লোন এভারগ্রিনিং’-এর একাধিক প্রমাণ মিলেছে।

Be the first to comment