হাতির অবস্থান জানাতে চালু বন দফতরের বিশেষ অ্যাপ, থাকছে ট্র্যাকার টিমও

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গে হাতির অবস্থান-সহ বিস্তারিত তথ্য জানাতে বন দফতর বিশেষ অ্যাপ চালু করেছে। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক পশুপ্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই ব্যবস্থা। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই প্রায় ৫০টি হাতির তথ্য অ্যাপে আপলোড করা হয়েছে। ধাপে ধাপে আরও হাতির তথ্য সংযোজন করা হবে।

অ্যাপটি শুধুমাত্র বন দফতরের Rapid Response Team, কুইক রেসপন্স টিম ও এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যরা ব্যবহার করতে পারবেন। আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে প্রতিটি হাতির প্রোফাইল দেখা যাবে। নজরদারির সময় কোনও হাতিকে শনাক্ত করা গেলে সঙ্গে সঙ্গে তার ছবি ও তথ্য আপলোড করা হবে। এর মাধ্যমে হাতিটি কোথায় রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন, সে একা নাকি দলে রয়েছে এই সমস্ত তথ্য জানা যাবে। আগে পুরনো পদ্ধতিতে হাতির তথ্য সংরক্ষণ করা হত। সীমান্ত পেরিয়ে হাতি নেপালে গেলে ফেরার পর নতুন করে গণনা করতে হত। এখন অ্যাপ চালু হলে সেই কাজ সহজ হবে। নেপাল সহযোগিতা করলে সেখানকার তথ্যও পাওয়া সম্ভব হবে। অনেক সময় ভারত-নেপাল সীমান্ত পেরিয়ে হাতি নেপালে গিয়ে মারা যায় বা শিকারিদের হাতে পড়ে দাঁত খোয়াতে হয়।

এই অ্যাপ থাকলে কোন হাতি কোথায় গেল, আবার ক’টি ফিরে এল— সব তথ্য সংরক্ষণ করা যাবে। ইতিমধ্যে বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াড, পানিঘাটা রেঞ্জ ও টুকুরিয়া রেঞ্জের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বন দফতরের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে প্রত্যেক রেঞ্জের কর্মীদের এই অ্যাপ চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। বন দফতরের মতে, হাতির গতিবিধি সম্পর্কে তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা গেলে মানুষ-হাতি সংঘাত কমাতে ও হাতি সংরক্ষণে বড় ভূমিকা নেবে এই অ্যাপ।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*