রোজদিন ডেস্ক :
প্রখ্যাত সমাজ সৈনিক বাঙ্কর রায়ের জীবনাবসান হয়েছে। বয়েস হয়েছিল ৮১। আজ সকালে রাজস্থানের তিলোনিয়ার বাসভবনে তিনি শেষ নিশ্বাস ফেলেন।
১৯৪৫, সালে বার্নপুরে জন্ম তাঁর। পড়াশোনা দুন স্কুল, সেন্ট স্টিফেন কলেজে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাঁর সমসাময়িক ছিলেন।
সঞ্জিত রায় নাম হলেও বাঙ্কর রায় নামেই তিনি সুপরিচিত।
পড়াশোনা, স্কোয়াশে সহ বিভিন্ন ক্ষেত্রে চ্যাম্পিয়ন সঞ্জিত রায়ের জীবনের গতি পালটে গেছিল ১৯৬০ সালের দুর্ভিক্ষ পীড়িত বিহার। ওখানে এক স্কুলে ত্রাণ দিতে গিয়ে তিনি অনুভব করেন, বড় ডিগ্রি না, জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে থাকাই আসল।
গ্রামোন্নয়ন ও শিক্ষা প্রযুক্তির বিকেন্দ্রীকরণ কে জীবনের ধ্রুবতারা হিসাবে গ্রহণ করে সমাজসেবার কাজে নিজেকে নিয়োজিত করেন তিনি। রাজস্থানের তিলোনিয়া কে কর্মভূমি করে নানা ধরণের সমাজ সেবামূলক কাজ করেন, যার অন্যতম বেয়ারফুট কলেজ। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সমাদৃত হয় তাঁর বিভিন্ন জনমুখী, সমাজ সেবামূলক কাজ।
ব্রিটেনের রাজা চার্লস তাঁর অন্যতম অনুরাগী ছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছু কাজ নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশও করেন।
রাজা চার্লসের সেই ইচ্ছা পুরণের আগেই চির ঘুমের দেশে পাড়ি দিলেন সঞ্জিত বাঙ্কর রায়। রেখে গেলেন তাঁর সুযোগ্য সহধর্মিণী সমাজ কর্মী অরুণা রায় সহ বহু অনুরাগীদের। তাঁর প্রয়াণে সমাজকর্মী মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment