রোজদিন ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর আজ প্রকাশিত হলো টালাপ্রত্যয়ের থিম। ১০১ এ পা রাখা এই বারোয়ারী পূজোর এবারের আবিষ্কার “বিয়োজন”। শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায় গড়ে উঠছে মণ্ডপ। বিয়োজন অর্থাৎ ডিটাচমেন্ট।শিল্পীর ভাবনায়, মানুষকে প্রথমে জাগতিক ও মহাজাগতিক মায়ার বন্ধন থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হয়। সেই বিয়োজনের মধ্য দিয়েই পরমের সঙ্গে, অর্থাৎ দেবী দুর্গার সঙ্গে এক গভীর আত্মিক সংযোগ স্থাপনের পথ তৈরি হয়।এই ভাবনার আরও একটি দিক রয়েছে। শিল্পীর নিজস্ব যাত্রার সঙ্গেও ‘বিয়োজন’-এর একটি যোগসূত্র তৈরি হয়েছে। ২০১৯ থেকে ২০২৪-এবং স্বল্পবিরতি পর আবার ২০২৬ সালে ফের সেই প্রত্যয়ের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিও থিমের ভাবনায় স্থান পেয়েছে।
শিল্পী সুশান্ত পাল বলেন এবারে চ্যালেঞ্জ হচ্ছে যেখানে 30 হাজার স্কোয়ার ফুটের জায়গা পাওয়া যেত এবার ৫ থেকে ৬ হাজার স্কোয়ার ফুটের মধ্যে তার ভাবনা ফুটিয়ে তুলতে হবে।বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে থিম প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক, ক্লাবের চেয়ারম্যান রীতেশ তিওয়ারি। উপস্থিত ছিলেন নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট-লক্ষণ জসওয়াল, দেবল বসু, জয়েন্ট সেক্রেটারি বিশ্বেশ্বর পান্ডে এবং শিল্পী সুশান্ত শিবানী পাল। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী বারোয়ারী পুজোয় কমিটি বদলের পাশাপাশি নিরঞ্জন এর নিয়মেও ঘটবে বদল। এবার মণ্ডপের মধ্যে প্রতিমা নিরঞ্জন নয় চিরায়িত রীতি মেনেই হবে বিসর্জন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই পুজো। তবে রাজ্যে পট পরিবর্তনের পর পুজো কে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যে মাঠে পূজো করা হতো সে মাঠ সারা বছর দখলের অভিযোগ উঠেছিল। তাই এবার মাঠে নয় রাস্তার ধারে তৈরি হচ্ছে প্যান্ডেল। এই ছোট পরিসরে গড়ে ওঠা মন্ডপ কি আগের মতই চোখ ধাঁধাবে দর্শকদের তা পরবর্তী সময়েই জানা যাবে।

Be the first to comment