রোজদিন ডেস্ক : জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যে খাদ্য দফতর বিশেষ অভিযান শুরু করেছে। এরাজ্যের ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এই অভিযানে এরমধ্যেই রাজ্যের ৩ লক্ষ ৫৩ হাজার ৩০৯টি কার্ড বাতিল করা হয়েছে। রাজ্যের খাদ্য দফতর তদন্ত চালিয়ে এই বিপুল সংখ্যক কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য বলছে, রাজ্যের মোট রেশন গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ২ লক্ষ।
সূত্রের খবর, রাজ্য সরকার ইতিমধ্যেই আধার নম্বরবিহীন ও বায়োমেট্রিক যাচাইবিহীন রেশন কার্ডধারীদের তালিকা তৈরি করেছে। প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার রেশন গ্রাহককে এই ক্যাটাগরিতে ফেলা হয়েছে। কিন্তু যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে, এদের মধ্যে প্রায় ১০ লক্ষ ৪১ হাজারই শিশু। বয়স পাঁচ বছরেরও কম। ফলে আধার নম্বর না থাকাই স্বাভাবিক। প্রশাসন জানিয়েছে, বর্তমানে আর্থিকভাবে সম্পন্ন গ্রাহকদের চিহ্নিত করতে নমুনা সমীক্ষা চলছে। কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, আয়করদাতা, সরকারি কর্মচারি, কোম্পানির ডিরেক্টরের মত পদে থাকা ব্যক্তি কিংবা নির্ধারিত আয়সীমার ঊর্ধ্বে থাকা নাগরিকদের কার্ড অবৈধ বলে গণ্য করা হবে। এই তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট দফতরগুলি থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

Be the first to comment