প্রতিবেদন: প্রায় ২০ ঘণ্টার লড়াই। অবশেষে নিয়ন্ত্রণে এল হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের ভয়াবহ আগুন। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এলাকার পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। আতঙ্ক এখনও কাটেনি। টানা আগুন জ্বলার ফলে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। তাপের কারণে যাতে পাইপলাইন না ফাটে, নতুন করে কোনও বিপর্যয় না হয়, সেদিকেও বিশেষ নজরদারি চলছে। ঘটনাস্থল জল দিয়ে ঠান্ডা করার কাজ চলছে। দমকলের ইঞ্জিন, কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ পেট্রোকেমের ন্যাপথার পাইপলাইনে আগুন লাগে। কর্মরত কর্মীরা সেই আগুনের তাপে ঝলসে যান। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। হলদিয়া পেট্রোকেমিক্যালের পাশ দিয়ে রয়েছে রেললাইন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগুনের জেরে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। বুধবার সকাল থেকে হলদিয়া দুর্গাচক স্টেশন থেকেই ট্রেন ছাড়া হচ্ছে। আগুনে পুড়ে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। নাম মানু বিবি। জখমরা হলদিয়া মহকুমা হাসপাতাল, তমলুক ও কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Be the first to comment