প্রতিবেদন: নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে (FIRE IN HOTEL) এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে সামনে এসেছে একাধিক অভিযোগ। দমকল কেন্দ্রের প্রায় নাকের ডগায় অগ্নিবিধি না মেনে দিব্যি চলছিল এই হোটেল।
ঘটনার পর অবশেষে বুধবার গভীর রাতে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এন্টালি থানার জোড়াসাঁকোর বাড়ি থেকে আবু জাফর নামে একজনকে গ্রেপ্তার করে। ধৃত আবুই হোটেলের লিজ হোল্ডার বলে জানা গিয়েছে। এ ছাড়া ওই হোটেলের ম্যানেজার ও এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ বৃহস্পতিবার মৃতদেহগুলির ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
এই অগ্নিকাণ্ডের তদন্তে ইতিমধ্যে পাঁচ সদস্যের সিট গঠন করেছে প্রশাসন। জানা গিয়েছে, এই সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের নেতৃত্ব দেবেন কলকাতা পুলিশের ডিসি ডিডি। বুধবার সকালেই এই কথা জানান, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল। এদিকে নিউ মার্কেট থানার তরফেও একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। দমকলের তরফেও আলাদা করে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৬ জন আহত হয়েছেন। হোটেলের আবাসিক ও স্থানীয়দের দাবি, ওই হোটেলে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থাই ছিল না। সেই কারণেই এই ভয়ংকর পরিণতি। তবে কোথা থেকে, কীভাবে আগুন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, এসিতে বিস্ফোরণের জেরে এই দুর্ঘটনা হতে পারে।

Be the first to comment