রোজদিন ডেস্ক : সাতসকালে শহরে শ্যুটআউট। গুলির শব্দে কেঁপে উঠল হরিদেবপুর এলাকা। গুলিবিদ্ধ হলেন এক মহিলা। তাঁর পিঠে গুলি লেগেছে। তিনি আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় বাবলু নামে একজনকে আটককরে জেরা করছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই মহিলাকেই টার্গেট করে গুলি চালায় দূষ্কৃতীরা। নেপথ্যে কী কারণ, জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে, হরিদেবপুর থানার অন্তর্গত ১২৩ নং কালীপদ মুখোপাধ্যায় রোডে সোমবার সকালে একটি ক্লাবের কাছে এই ঘটনা ঘটে। আক্রান্ত মহিলার নাম মৌসুমী হালদার। কিন্তু ওত সকালে বছর পয়ত্রিশের ওই মহিলা রাস্তায় কী করছিলেন সেটা জানতে চাইছে পুলিশ। সকাল ৬টা নাগাদ বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। এরপরই ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায়। পিঠে গুলি লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ।

Be the first to comment