রোজদিন ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রার্থী সংখ্যা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরোনোর পর কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ২,৯২৬ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রইলেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী রয়েছেন ১,৪৭৮ জন। দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন ১,৪৪৮ জন প্রার্থী। সব মিলিয়ে দুই দফা মিলিয়ে এই বিপুল সংখ্যক প্রার্থীকে নিয়েই হতে চলেছে এবারের নির্বাচন। দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ এপ্রিল। মনোনয়নপত্র যাচাইয়ের কাজ শেষ হয় ১০ এপ্রিল। আর প্রার্থিপদ প্রত্যাহারের সময়সীমা ছিল ১৩ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত। তার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রেই রিটার্নিং অফিসাররা সরকারি গেজেটে প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। পাশাপাশি মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি সিলমোহর দেওয়া খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের জন্য কমিশনের অ্যাপে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলা, সম্পত্তি ও দায়বদ্ধতার তথ্যও দেখা যাবে।

Be the first to comment