রোজদিন ডেস্ক :
আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যে সব ধরনের মদের দাম বাড়ছে৷ শীতের আমেজ পড়তেই এই দাম বৃদ্ধির খবরে হতাশ মদ্যপায়ীরা। একমাত্র বিয়ারের দামই অপরিবর্তিত থাকছে বলে সরকারি সুত্রে জানা যায়। এই ছাড়া সব রকম দেশি বিদেশি মদের শুল্ক বৃদ্ধি করছে আবগারি দফতর।
মদ উৎপাদক, সরবরাহকারী-সহ এই ব্যবসার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান দামে মজুত রাখা মদ বিক্রির নির্দেশও দেওয়া হয়েছে। মজুত রাখা যে সব মদ এর মধ্যে বিক্রি করা যাবে না, সেখানেও নয়া দাম কার্যকর হবে বলে জানা গেছে। মদের দাম বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগারে আয়ও বাড়বে বলে আশা।আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই এই দাম বৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
ইতিমধ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন ক্ষমতাসীন দলের কাছে বিভিন্ন দিক দিয়ে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লক্ষীর ভান্ডারের মত বেশ কিছু জনমোহিনী ভাতা বৃদ্ধি হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এই প্রেক্ষিতে রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই সব কথা মাথায় রেখে চলতি বছরের শেষ মাসের প্রথম দিন থেকে মদের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment