রোজদিন ডেস্ক, কলকাতা:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে জানা গেছে এখনই জেল মুক্তি হচ্ছে না কল্যাণময়ের।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাটিতে জামিন পেয়েছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কিন্তু সেবারও তাঁর জেলমুক্তি হয়নি। কারণ সকালে জামিন পেলেও, সেই রাতেই অন্য এক মামলায় আবার গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নবম দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই গ্রেফতার দেখায় কল্যাণময়কে।
উল্লেখ্য, সিবিআই ও ইডি দুই সংস্থাই পুরোদমে সেই নিয়োগের তদন্ত করছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। কল্যাণময় সরকারি পদ ব্যবহার করে দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু বর্তমানে তিনি ওই পদে নেই। তদন্তকারীরা এই বিষয়টি হাইকোর্টে তুলে ধরেন। হাইকোর্টের পর্যবেক্ষণ, কল্যাণময় একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাঁর যথেষ্ট সামাজিক পরিচিতি রয়েছে। তিনি তদন্তে সহযোগিতাও করছেন। সেক্ষেত্রে কল্যাণময়ের জামিন মঞ্জুর করা হয়, তবে অন্য মামলায় তিনি জেলেই থাকছেন।

Be the first to comment