বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শিক্ষাবিদ বিশ্বজীবন মজুমদার প্রয়াত..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশিষ্ট শিক্ষাবিদ, গুরুদাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ , বিধান নগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক বিশ্বজীবন মজুমদার ৫ই জুন ৮-১০ মিনিটে সল্টলেকের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে বয়স হয়েছিল ৯০ বছর । তাঁর জন্ম ১১ মার্চ ১৯৩৫ সালে । তাঁর মৃত্যু র প্রাক কালে কন‍্যা অনুরাধা বাড়িতেই ছিলেন । কিন্তু পুত্র অনীশ , পুত্রবধূ সুতপা ও নাতনি বিদেশে থাকায় শেষ সময়ে উপস্থিত থাকতে পারেননি । তাঁর মৃত্যু সংবাদ পেয়ে বহু বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জানান এবং তাঁর দেহ লাল ঝান্ডায় আচ্ছাদিত করেন পলাশ দাস , সোমনাথ ভট্টাচার্য , রমলা চক্রবর্তী ও রবীন দেব প্রমুখ ।

বিধান নগর পুর নিগমের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীও তাঁর বাড়িতে যান এবং তাঁকে অন্তিম শ্রদ্ধা জানান । তাঁর অন্তিম যাত্রা অপরাহ্ন ২ -৩০ টায় বাড়ি থেকে শুরু করে বিধান নগর পুরভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয় । সেখানে মেয়র , ডেপুটি মেয়র ও স্থানীয় বিধায়ক প্রমুখ প্রয়াত প্রাক্তন চেয়ারম্যানের দেহে মালা দেন । পরে রতন বাবুর ঘাটে বৈদ্যুতিন চুল্লিতে শেষ কৃত‍্য সম্পন্ন হয় ।

অধ‍্যাপক বিশ্বজীবন মজুমদার একজন সুলেখক ও ছিলেন । তিনি অনেক প্রবন্ধ ও বই লিখেছেন । ২০০১ সালে পশ্চিমবঙ্গ বিধান সভার অধ‍্যক্ষ হাসিম আবদুল হালিমের সভাপতিত্বে বাংলা ও বাঙালির সহস্রাব্দ সন্ধানের লক্ষ‍্যে গঠিত থার্ড মিলেনিয়াম কমিটি ফর সেশ‍্যাল ট্রানজিশন ( সমাজ -রূপান্তর সন্ধানী তৃতীয় সহস্রাব্দ সমিতি ) — র অন‍্যতম কর্তা ছিলেন অধ্যাপক মজুমদার ।এই কমিটির উদ্যোগে কয়েক খন্ডে প্রকাশিত “বঙ্গদর্পণ “ রচনা সম্ভারের আহ্বায়ক সম্পাদক ছিলেন অধ্যাপক বিশ্বজীবন মজুমদার। যার প্রধান সম্পাদক অধ্যাপক পবিত্র সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*