প্রতিবেদন: মহিলাদের জন্য সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা চালু করেছে সরকার। কিন্তু এই উদ্যোগে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হলেও তার প্রভাব পড়ছে পরিবহণ শিল্পে। বেসরকারি বাস মালিকদের দাবি, সরকারি বাসে মহিলা যাত্রীদের ঝোঁক বাড়ার ফলে তাঁদের যাত্রী সংখ্যা ও আয়, দুটোই গত ২ সপ্তাহে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে। গত ১ জুন থেকে গোটা রাজ্যে এই পরিষেবা চালু হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সরকারের সহায়তা চেয়েছেন তাঁরা। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বাস সমন্বয় সমিতির প্রতিনিধিরা। বৈঠকে তাঁরা জানান, বর্তমানে যাত্রী পরিবহণ ব্যবসা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। একদিকে যাত্রী কমছে, উল্টোদিকে বাড়ছে জ্বালানির দাম।
সংগঠনের বক্তব্য, সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুযোগ চালু হওয়ার পর থেকে বেসরকারি বাসগুলির দৈনিক আয় কমে গিয়েছে। তাদের দাবি, প্রতিটি বাসে গড়ে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় কমেছে। তাদের দাবি, পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থার বড় অংশ এখনও বেসরকারি বাস পরিষেবার উপর নির্ভরশীল। সেখানে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বাস তুলে নেওয়া ছাড়া তাদের হাতে আর কোনও বিকল্প থাকবে না।

Be the first to comment