দলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ: হাইকোর্টে স্থগিতাদেশ না পেয়ে এবার সুপ্রিম কোর্টে তৃণমূল

৩ অগাস্ট হতে পারে শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথমে পুলিশ তারপর ইডি। দলে ডামাডোলের মধ্যে তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। ফলে চরম বিপদে পড়েছে কালীঘাট তৃণমূল শিবির। কোনও টাকা খরচ করতে পারছে না তারা। দলের দৈনন্দিন খরচ সামাল দিতে এখন হিমশিম খাচ্ছে তারা। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু দলের নাম ও প্রতীক নিয়ে যেখানে লড়াই চলছে, এই পরিস্থিতিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে ঢুকতেই চায়নি আদালত। এবার এই জট খুলতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের আর্জি জানিয়েছে তারা। সর্বশেষ খবর, মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী ৩ অগাস্ট বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। ঘটনার শুরু গত ১৮ জুন। বিধাননগর সাইবার থানায় বিদ্রোহী তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস এক লিখিত অভিযোগে জানান, দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি লেনদেন হয়েছে। তার ভিত্তিতে ইডি একটি মামলা দায়ের করে তদন্তে নামে। তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। ইডির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে মমতা শিবির। কিন্তু মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে চায়নি। আদালত জানিয়ে দেয়, আপাতত ইডির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ, তৃণমূলের ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজই থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*