আগামী বছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের, বৈঠকে মন্ত্রী, সাংসদ ও জেলাশাসক

Spread the love

রোজদিন ডেস্ক : ২০২৬-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এই উপলক্ষে মঙ্গলবার প্রাথমিক প্রস্তুতি বৈঠক সেরে ফেলল জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলাশাসক, সাংসদ, মন্ত্রী-সহ জেলার অন্যান্য আধিকারিকরা। আগামী বছর ৮ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। তারই আগাম জোরদার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। এদিন গঙ্গাসাগর মেলা অফিসে ছিল প্রশাসনিক বৈঠক। বৈঠকে পৌরহিত্য করেন জেলাশাসক সুমিত গুপ্তা। ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা-সহ সুন্দরবন পুলিশ জেলার এসপি এবং একাধিক প্রশাসনিক আধিকারিক। মেলার নিরাপত্তা, পরিবহণ, জনস্বাস্থ্য, ভিড় নিয়ন্ত্রণ ও উপকূল সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বৈঠকে। যাতায়াত ব্যবস্থা মসৃণ করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তার প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়। জেলাশাসক জানান, পুণ্যার্থীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আমাদের অগ্রাধিকার। আবহাওয়া এবং পরিবেশের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। পরে আরও কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। এবারের মেলাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার টার্গেট নেওয়া হয়েছে। কর্তারা এদিন সাগরদ্বীপের সমুদ্র সৈকত পরিদর্শন করেন। সাগরের উপকূলবর্তী কিছু এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনকবলিত এলাকাগুলি ঘুরে দেখেন তাঁরা। সূত্রের খবর, ভাঙন মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে মেলার প্রস্তুতিতে কোনও বিঘ্ন না ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*