রোজদিন ডেস্ক : এসআইআরের শুনানি পর্বে রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র চালুর অনুমোদন দিল নির্বাচন কমিশন। রাজ্যের সিইও দফতরকে পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ভৌগোলিক অবস্থান, দুর্গম এলাকা, বনাঞ্চল, ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সমস্যার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ১২টি জেলায় ১৬০টি বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র চালু হচ্ছে। জেলাগুলি হল দার্জিলিং, ঝাড়গ্রাম, কালিম্পং, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও জলপাইগুড়ি। দার্জিলিংয়ে সর্বাধিক ৩৯টি এবং আলিপুরদুয়ারে ৩৮টি শুনানিকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, এই শুনানি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শুনানি প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায়। পাশাপাশি, কোনও রকম বহিরাগত প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে শুনানি চালানোর উপর জোর দিয়েছে কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন, ভোটার নিবন্ধন সংক্রান্ত বিধি এবং কমিশনের বিভিন্ন সময়ে জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী, শুনানির দিনক্ষণ ও কেন্দ্রগুলির অবস্থান সংক্রান্ত তথ্য সব পক্ষকে আগাম জানাতে হবে। জেলা প্রশাসনকেও এর বাস্তবায়নে নিয়মিত নজরদারির চালাতে হবে। এই মুহূর্তে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। কমিশনের মতে বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র চালু হলে প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে।

Be the first to comment