রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ, বৃহস্পতিবার ভোরের দিক থেকেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহবিদরা।
রাজ্যে বর্ষার প্রবেশের সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সারাদিন ধরে ধীর গতিতে বঙ্গোপসাগরের উত্তর দিকে এগোনোর সময়ে সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করেছে। বাংলার উপকূলের খুব কাছে সমুদ্রের উপরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবেই আজ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। আগেই ৯টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হওয়া অফিস। উত্তরবঙ্গের ৩টি জেলাতেও জারি হয়েছে লাল সতর্কতা। এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি ৬টি এবং উত্তরের ৫টি জেলার প্রায় সবগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি ও সঙ্গে দমকা হাওয়ার হলুদ সতর্কতা জারি হয়েছে।
বুধবার হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে অতিভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। একই সঙ্গে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস।

Be the first to comment