পূর্ব কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা হাইকোর্টের, তলব তিন প্রশাসনিক শীর্ষ কর্তাকে

Spread the love

প্রতিবেদন: তারাতলায় বিপর্যয় নিয়ে সরগরম রাজ্য। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৭। চলছে তদন্ত। ঘটনার নেপথ্যে উঠে আসছে একের পর বেআইনি ও নিয়ম বহির্ভূত কাজ। এই আবহে এবার নজরে পূর্ব কলকাতার বেআইনি নির্মাণ। যা নিয়ে এক মামলায় এবার প্রশাসনকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। ইস্ট কলকাতা মেট্রোপলিটন এলাকার বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনের ৩ উচ্চপদস্থ কর্তাকে তলব করল হাইকোর্ট। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, কলকাতা পুরসভার কমিশনার-সহ মোট ৩ জনকে আগামী ১৪ জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ দিলেম কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। দীর্ঘদিন ধরেই ওই এলাকার বেআইনি নির্মাণের রমরমা নিয়ে সরব পরিবেশবিদরা। অভিযোগ, প্রায় ৫০০-র বেশি বেআইনি নির্মাণ আছে ইস্ট কলকাতা মেট্রোপলিটন এলাকায়। সেগুলির কী হবে, তা জানতে ৩ জনকে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই এলাকায় যাবতীয় আইনকে তোয়াক্কা না করে দেদার জলাভূমি বুজিয়ে ও সংলগ্ন এলাকায় একের পর এক গজিয়ে ওঠা অবৈধ বহুতল নিয়ে মানুষের অভিযোগ বহুদিনের। এবার তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল হাইকোর্টও। মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, এই বেআইনি নির্মাণগুলির ভবিষ্যৎ কী, প্রশাসন এগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, যদি এগুলি সত্যিই অবৈধ উপায়ে হয়ে থাকে, তবে সেগুলি ভাঙার ক্ষেত্রে প্রশাসনের পরিকল্পনা কী?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*