প্রতিবেদন: কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা কালীঘাট তৃণমূলের। কালীঘাট তৃণমূলের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে দায়ের করা মামলায় তৃণমূলের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন, এই মুহূর্তে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না। তৃণমূল কংগ্রেস ও ইডিকে পাঁচ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাও। আগামী ২৬ অগাস্ট ফের এই মামলার শুনানি। উল্লেখ্য এর আগে গত ৯ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশ যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল সেই তিনটি অ্যাকাউন্টের লেনদেন চালু করতে নির্দেশ দেন। তবে সেই লেনদেনে নজরদারি চালাতে স্পেশাল অফিসার হিসেবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দুজন দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের চেকে সাক্ষরের ভিত্তিতে টাকা খরচের অনুমতি দেবেন তিনি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এরপরই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ফের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানানো হয় ইডির ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্ট চালু করার জন্য। মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। সোমবার বিচারপতি তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করে জানিয়ে দিলেন, ইডির এই পদক্ষেপের ওপর আদালত আর কোনও হস্তক্ষেপ করবে না। ফলে দলীয় তহবিল নিয়ে আরও বেকায়দায় পড়ল কালীঘাট তৃণমূল।

Be the first to comment