ফুলিয়ায় শুরু হল বাড়ি বাড়ি গিয়ে হোম ভোটিং, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা

Spread the love

রমিত সরকার, নদীয়া : 

শুক্রবার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অরণ্য ব্যানার্জি জানান, শনিবার থেকে জেলাজুড়ে ৮৫ বছরের ঊর্ধ্বে মোট ১০,৭০৮ জন প্রবীণ ভোটার এবং ৩,৪২৫ জন প্রতিবন্ধী ভোটারের জন্য হোম ভোটিং প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে গিয়েই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

সেই অনুযায়ী শনিবার সকাল থেকেই ফুলিয়া এলাকায় প্রতিবন্ধী ও প্রবীণ ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যায় নির্বাচনী দল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাতে গোটা প্রক্রিয়া নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন হয়। প্রতিটি ভোটারের কাছে পৌঁছে নির্দিষ্ট বিধি মেনে গোপনীয়তা বজায় রেখে ভোট গ্রহণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা শারীরিক অসুস্থতা বা বার্ধক্যের কারণে ভোটকেন্দ্রে যেতে অসমর্থ, তাঁদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন ভোটদানের হার বাড়বে, তেমনই অন্যদিকে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য অত্যন্ত সহায়ক এবং মানবিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*