প্রতিবেদন: কলেবরে আরও বাড়ল হাওড়া স্টেশন। সময় মেনে ট্রেন চালাতে ও বাড়তি ট্রেনের চাপ সামাল দিতে আরও একটি প্ল্যাটফর্ম জুড়ল হাওড়া স্টেশনে। আজ সোমবার থেকে চালু হয়ে গেল হাওড়া স্টেশনের ২৪ নম্বর প্ল্যাটফর্ম। এটিই এখনও পর্যন্ত হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম। লম্বায় ৬৩৫ মিটার। এতদিন হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্মটি। কিন্তু তাও যথেষ্ট ছিল না। তাই নতুন করে ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় রেল। এটাই বর্তমানে হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। রেলের দাবি, ২৬ বগির ট্রেনও অনায়াসে দাঁড়াতে পারবে এই নতুন প্ল্যাটফর্মে। রেল সূত্রে খবর, ২.৬৯ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই প্ল্যাটফর্ম। এছাড়াও দূরপাল্লার ট্রেন পরিচালনার জন্য ১০, ১১, ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও চলছে। তবে নিত্যযাত্রীদের প্রশ্ন একটাই, সবই তে হচ্ছে, সময়ে কি এবার ট্রেন মিলবে? এই নিয়ে হাওড়ার ডিআরএম জানান, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের লাইন সংযোগের কাজ চলছে। মূলত সেই কারণেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং ঢুকতে দেরি হচ্ছে। এই জংশন পয়েন্টের কাজ শেষ হলেই ট্রেন লেটের সমস্যা মিটবে।

Be the first to comment