HOWRAH-BURDWAN ROUTE: রেললাইনে বসে গেল বালি বোঝাই লরি, ট্রেন চলাচল ব্যাহত হাওড়া-বর্ধমান কর্ড লাইনে

Spread the love

প্রতিবেদন: রবিবার সকালের দিকে ট্রেন পরিষেবা ব্যাহত হল হাওড়া বর্ধমান কর্ড লাইনে। লাইনের মাঝে আচমকাই বসে যায় বালিবোঝাই লরি। ফলে বর্ধমান কর্ড লাইনে আপ-ডাউন দুদিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনের হাজিপুর স্টেশনের কাছে লেভেল ক্রশিংয়ে এই বিপত্তি ঘটে। সকালের দিকে একটি বালিবোঝাই লরি রেলগেট পার হতে গিয়ে মাঝ বরাবর এসে আচমকাই বসে যায়। চালক চেষ্টা করেও লরিটিকে সরাতে পারেননি। এই বিপত্তির কারণে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুই লাইনেই পর পর দাঁড়িয়ে যায় ট্রেন। কিছুক্ষণ পর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করা হয়। একই সঙ্গে লাইনের উপর থেকে লরিটি সরানোর তোড়জোড় শুরু করেন পুলিশ ও রেলকর্মীরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় লরিটিকে ক্রেন দিয়ে রেললাইন থেকে সরানো সম্ভব হয়। তারপর ওই লাইনে পরিষেবা স্বাভাবিক হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*