রোজদিন ডেস্ক : চব্বিশ ঘণ্টার বেশি পেরিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা নিয়ে মুখ খুললো উদ্বিগ্ন ভারত৷ আজ দুপুরে বিদেশ মন্ত্রকের পক্ষে অত্যন্ত সাবধানী বিবৃতি জারি করে বলা হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলিতে উদ্বিগ্ন ভারত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে দিল্লি। ভেনেজুয়েলার বাসিন্দাদের সুরক্ষা, কল্যাণের প্রতি ভারতের সমর্থন অটুট আছে জানিয়ে সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। এর পাশে সমগ্র অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখার আর্জি জানিয়েছে ভারত। দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে।
গভীর রাতে মার্কিন সেনারা আচমকা ভেনেজুয়েলায় আক্রমণ শানিয়ে যেভাবে রাষ্ট্রপতি মাদুরোকে তুলে নিয়ে গেছে, সেই বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। ইংল্যান্ড, রাশিয়া, চিন, রাষ্ট্র সঙঘ প্রমুখ যেভাবে খোলাখুলি মার্কিন আগ্রাসনের নিন্দা করেছে, ভারত সেই পথে যায়নি। আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্ব যাতে কোন ভাবে ফাটল না ধরে সেই কথা মনে রেখেই এই সাবধানী বিবৃতি দেওয়া হয় বলে রাজনৈতিক মহল মনে করেন।
গতকাল রাতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছিলেন, সেখানে ওখানে থাকা এই দেশের মানুষদের চলাফেরা নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়। ভারতীয় দূতাবাসের মেল আইডি, ফোন নম্বর ও দেওয়া হয়।
ভেনেজুয়েলার এই সঙ্কটজনক পরিস্থিতি ভারতের আর্থিক বা অন্য বিষয়ে প্রভাব ফেলবে না বলে ভারতভিত্তিক জিটিআরআই পৃথকভাবে জানিয়েছে। ২০০০ সাল থেকে ২০১০ সাল অবধি ভেনেজুয়েলার অশোধিত তেলের বড় ক্রেতা ছিল ভারত। পরে তা আর হয়নি। ল্যাটিন আমেরিকার এই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কও নামমাত্র, ফলে দেশের আর্থিক, জ্বালানি ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না বলেই জিটিআরআই জানিয়েছে।
শনিবার একাধিক দেশ ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন নিয়ে মুখ খুললেও ভারতের নীরবতা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন চিহ্ন দেখা দেয়, আজ বিদেশ মন্ত্রকের সংক্ষিপ্ত বিবৃতিতে তার উত্তর দেওয়া হল বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment