রোজদিন ডেস্ক : আমেরিকার ডালাসে ভারতীয় বংশোদ্ভূত এক মোটেল ম্যানেজারকে নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। হত্যাকারী মার্টিনিজ ওই সংস্থারই কর্মী। আদতে কর্নাটকের বাসিন্দা নাগামাল্লাহর (বব নামে পরিচিত) স্ত্রী ও পুত্রের সামনেই এই হাড়হিম নৃশংস হত্যাকাণ্ড হয়। একটি বিকল ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এর সুত্রপাত। মোটেল ম্যানেজার বব বিকল ওই মেশিন ব্যবহার করতে বারণ করেন মার্টিনিকে। এই নিয়ে সামান্য কথা কাটাকাটির মধ্যে উত্তেজিত মার্টিনি আচমকা ধারালো অস্ত্র দিয়ে বব-কে আক্রমণ করে। তাঁকে মাটিতে ফেলে এলোপাথাড়ি মারতে থাকে। ববের স্ত্রী ও আঠারো বছর বয়সী পুত্র তাঁকে বাঁচাতে এলে তাঁদের সামনেই মাথা কেটে দেয় সে। এই হাড়হিম ঘটনায় বিমূঢ় উপস্থিত অন্যদের সামনেই সে কাটা মাথা নিয়ে বর্জ্যের জায়গায় ফেলে পালাতে যায়। নিহত মোটেল ম্যানেজারের পকেট থেকে চাবি ও সেল ফোনও নিয়ে নেয়। নৃশংস এই হত্যাকারী পালানোর আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। সে কিউবার বাসিন্দা। একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকায় কিউবায় তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই হাড় হিম করা হত্যাকাণ্ডে তোলপাড় উঠেছে। ভারত-সহ ভিন দেশের অভিবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

Be the first to comment