রোজদিন ডেস্ক :
এক সময় তিনি ও গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন পরে ফেরেন ঘাসফুলে, তা ছেড়ে গড়েছেন নিজের রাজনৈতিক দল। এবার মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবীর কান্নাভেজা কন্ঠে জানিয়ে দিলেন, রাজনীতিই ছাড়ছেন তিনি। গতকাল তাঁর ছেড়ে যাওয়া রেজিনগর বিধান সভা কেন্দ্রের উপ নির্বাচন ছিল। পুত্র গোলাম নবি আজাদ কে প্রার্থী করে জয়ের আশায় ছিলেন তিনি। কিন্তু গতকালের ভোট গ্রহণ তাঁর সব হিসাব বদলে দিয়েছে। আজ তিনি নিজেই বলেন, ওই কেন্দ্রে এবার বিজেপি ই জিতবে।
কেন তিনি এই কথা বলছেন তা ও ব্যাখ্যা করে অভিযোগ করেন ব্যাপক হারে ভোট লুটের। এক সময়ের দাপুটে নেতা আজ তীব্র ক্ষোভের সঙ্গে জানিয়ে দেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি আর বিধান সভাতেও যাবেন না৷ অভিযোগ করেন, গতকাল ভোটের নামে প্রহসন হয়েছে। এই রকম পরিস্থিতিতে লড়াই করা যায় না। বিজেপি জিতলে তা কোন ভাবেই প্রকৃত জনমত না।
গতকাল পুলিশের বিরুদ্ধে অশালীন আচরণ করার অভিযোগে আটক হয়েছিলেন তিনি। দিনভর সেখানে থাকার পর সন্ধ্যায় ছাড়া পেয়ে দৃশ্যত ক্লান্ত হুমায়ুন কবীর আজ জানিয়ে দেন, আর রাজনীতি করবেন না। তবে নিজের এলাকায় মানুষের পাশে থাকবেন। গড়ে তুলবেন বাবরি মসজিদও।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকারের আমলে মাত্র দুটি উপ নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম, ভোট লুটের অভিযোগ করেছেন বিরোধী রা। মুখ্যমন্ত্রী অবশ্য তা আমল দেন নি। দুটি কেন্দ্রেই বিজেপি প্রার্থী রা বিপুল ভাবে জয়ী হবেন বলে দাবি করেছেন।
বিরোধী দের কটাক্ষ, ভোট লুট করে জয় তো হবেই!

Be the first to comment