জেইই মেইনের দ্বিতীয় পত্রের ফল প্রকাশ

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথম পত্রের পর প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন ২০২৬-এর জানুয়ারি সেশনের দ্বিতীয় পত্রের ফলাফল। মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হল ফল। সোমবার উত্তরপত্র প্রকাশ করা হয়েছিল। আর্কিটেকচার এবং প্ল্যানিংয়ের স্নাতকের (বিআর্ক ও বিপ্ল্যান) পরীক্ষা হয়েছিল ২৯ জানুয়ারি। দেশ এবং বিদেশের ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য মোট পরীক্ষা দিয়েছিল ১৩,০৪,৬৫৩ জন। জেইই মেইন চলতি বছরের জানুয়ারি সেশনের ফলাফল ১২ ফেব্রুয়ারি ঘোষণা হওয়ার কথা ছিল। ফলাফল প্রকাশের জন্য এনটিএ অতিরিক্ত সময় চেয়েছিল। ফলস্বরূপ চারদিন পিছিয়ে যায়। বিআর্কের জন্য ৬৪,৭৮৬ জন নাম নথিভুক্ত করলেও পরীক্ষা দিয়েছিলেন ৪৫,৪৫২ জন। বিপ্ল্যানিং-এর জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৩২,২৬৬ জন। এর মধ্যে ২১, ০৬৭ জন মূল পরীক্ষা দেন। বিআর্ক-এর পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে ময়ূখ কাঠালের প্রাপ্ত এনটিএ স্কোর ৯৯.৯০৩১৯৪৬। বিপ্ল্যান-এর পরীক্ষায় পশ্চিমবঙ্গের সায়ুধ রায় পেয়েছে ৯৮.৫৫২২৩৮১। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে আবেদন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফলের পাশাপাশি, কাট-অফ মার্কও প্রকাশ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*