সংগীতজগতের অপূরণীয় ক্ষতি — সিঙ্গাপুরে দুর্ঘটনায় প্রয়াত জুবিন গার্গ (Jubin Garg)

Spread the love

রোজদিন ডেস্ক : সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে অকালপ্রয়াণ ঘটল জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের (Jubin Garg)। আকস্মিক এই মৃত্যুসংবাদে স্তব্ধ ভারতীয় সংগীতমহল। তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না শ্রোতা কিংবা সহকর্মীরা।

নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন শিল্পী। শুক্রবার সেখানে তাঁর মঞ্চে ওঠার কথা ছিল। তার আগে স্কুবা ডাইভিংয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ডাইভিংয়ের সময় হঠাৎই তিনি অচৈতন্য হয়ে সমুদ্রে ভেসে থাকেন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে তাঁকে সিঙ্গাপুরের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে কয়েক ঘণ্টা লড়াইয়ের পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মেঘালয়ের তুরায় জন্মেছিলেন জুবিন গার্গ। অতি শৈশবেই মায়ের কাছে সংগীতের হাতেখড়ি। ১৯৯২ সালে শুরু হয় তাঁর পেশাদার গানের জীবন। অহমিয়া ভাষার গান দিয়ে জনপ্রিয়তা পেলেও বাংলাতেও একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর সঙ্গে তাঁর বহু গান আজও সমান জনপ্রিয়— “পিয়া রে”, “মন মানে না”—এর মতো অসংখ্য সুরেলা সৃষ্টি আজও শ্রোতাদের মনে গেঁথে আছে।

হিন্দি ছবির জগতে প্রীতম-এর হাত ধরে তিনি গেয়েছেন অমর কিছু গান— “ইয়া আলি”(গ্যাংস্টার) কিংবা “দিল গালতি কার বৈঠা হ্যায়—যা সমগ্র ভারতীয় সংগীতপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর কণ্ঠে আবেগ আর মায়ার যে সুর মিশে ছিল, তা এক প্রজন্মের তারুণ্য ও প্রেমের ভাষা হয়ে উঠেছিল। তাই তাঁর প্রয়াণ যেন এক প্রজন্মের ছন্দপতন।

শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী ।

শারীরিকভাবে আজ তিনি নেই, কিন্তু তাঁর গান, তাঁর সুর, তাঁর অমলিন কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে কোটি শ্রোতার হৃদয়ে। পাহাড়ের কোলে মেঘেদের দেশে জন্ম নেওয়া সেই প্রিয় কণ্ঠস্বর আজ অন্য ভুবনে—কিন্তু আমাদের জীবনে অমর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*