রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সরকারি জমি জবরদখল করা যাবে না। সেই নির্দেশ পেয়ে রাজধর্ম পালন করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার হাবড়ার বিধায়ক কলেজের জমি দখল করে তৈরি হওয়া তৃণমূলের পার্টি অফিস বন্ধ করে তার চাবি তুলে দিলেন কলেজ অধ্যক্ষার হাতে।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন, কোনও সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় তৈরি করা যাবে না। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক এদিন কার্যালয়ে গিয়ে দলীয় ফ্লেক্স খুলে দরজায় তালা লাগিয়ে সেই চাবি তুলে দেন কলেজের অধ্যক্ষা বিদিশা ঘোষদস্তিদারের হাতে। অভিযোগ উঠেছিল কলেজের ক্লাসরুম দখল করে ওই দলীয় অফিস খোলা হয়েছিল। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
বৃহস্পতিবার আচমকা কলেজে আসেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পার্টি অফিসের ফ্লেক্স খুলে তালা দিয়ে দেন। আর চাবি তুলে দেন অধ্যক্ষার হাতে। উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ২০ নং ওয়ার্ডের বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের ঘটনা।বিষয়টি নিয়ে অধ্যক্ষা বিদিশা ঘোষদস্তিদার রাজ্যে শিক্ষামন্ত্রীকে জানান। তিনি উত্তর ২৪ পরগনার জেলাশাসক-সহ বিভিন্ন প্রশাসনিক দফতরেও চিঠি লিখেছিলেন। বিধায়ক জ্যোতিপ্রিয় বলেন, কলেজের ঘর দখল করে সেখানে কিছু লোক কার্যালয়ে চালু করেছিলেন। সেটা মেনে নেওয়া যায় না। ওই ঘর বন্ধ করে দিয়েছি। চাবি অধ্যক্ষার হাতে তুলে দিয়েছি। কলেজ কর্তৃপক্ষ চাইলে ওই ঘরটি এখন শ্রেণিকক্ষ হিসেবে আবার ব্যবহার করতে পারে।
অধ্যক্ষা বিদিশা ঘোষদস্তিদার বলেন, আজ বিধায়ক ওই ঘরটিতে তালা বন্ধ করে দিয়েছেন। আমার হাতে চাবি তুলে দিয়েছেন। আমরা আবার আমাদের ঘর ফিরে পেয়েছি। আমরা খুশি।

Be the first to comment