রোজদিন ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার কেড়ে নেওয়া হল। আগামী বছর ওই দেশের নির্বাচনে তিনি ও তাঁর পরিবারের কেউ ভোট দিতে পারবেন না। বাংলাদেশের নির্বাচন কমিশন এই ঘোষণা করেছে। তাঁর জাতীয় পরিচয়পত্রও “লক” করা হয়েছে, যাতে তিনি দেশের বাইরে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন। এই বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন এর সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কারও পরিচয়পত্র লক করা হলে তিনি দেশের বাইরে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।
সূত্রের খবর, হাসিনার বোন রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জাতীয় পরিচয়পত্রও লক করা হয়েছে। রেহানার লন্ডন প্রবাসী কন্যা টিউলিপ-সহ হাসিনার আরও নিকটাত্মীয়, ঘনিষ্ঠদের অনেকের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।
গত বছর আগস্ট মাসে তুমুল ছাত্র বিক্ষোভের জেরে স্বদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। এখন ও তিনি দিল্লির কাছে কোন অজ্ঞাত জায়গায় আছেন। বাংলাদেশে তাঁর বহু সহযোগী কারান্তরালে, অনেকে দেশ ত্যাগ করেছেন। অনেকে গোপন আস্তানায় আছেন। সব মিলিয়ে হাসিনা ও তাঁর পরিবার, ঘনিষ্ঠদের স্বদেশে ফেরার আশা কার্যত দূর অস্ত বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment