রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের সাম্প্রতিক এক রায় নিয়ে প্রাথমিক শিক্ষক মহল উদ্বিগ্ন। এই রায় কার্যকর হলে সারা দেশের ৯৮ লক্ষ প্রাথমিক শিক্ষকের মধ্যে ৭০ লক্ষকেই ফের টেট পরীক্ষায় বসতে হবে। এর মাধ্যমে তাঁদের শিক্ষার, শিক্ষণের গুনমান নির্ধারণ করা হবে। শীর্ষ আদালতের এই রায়ে রাজ্যের প্রাথমিক শিক্ষক মহলে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, শিক্ষার অধিকার নিয়ে ২০০৯ সালে কেন্দ্রের এক নির্দেশের প্রেক্ষিতে শীর্ষ আদালত এই রায় দেয়। যা নিয়ে কেন্দ্র ও রাজ্য নীরব।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা প্রশ্ন তুলেছেন, এতদিন ধরে যাঁরা শিক্ষকতা করছেন, তাঁরা নতুন করে যোগ্যতার পরীক্ষা দেবেন কেন? তাঁর পালটা অভিযোগ, রাজ্যে শিক্ষার মান অবনমনের জন্য এর পরিকাঠামো দায়ী। শিক্ষকরা নয়। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, এখানে বহু বিদ্যালয়ের উপযুক্ত পরিকাঠামো না থাকায় পড়ুয়া মেলে না, বহু বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।
যেনতেনপ্রকারেণ শিক্ষকদের ওপর সব দায় চাপাতে সরকার মুখিয়ে আছে বলে আনন্দবাবু জানান। তিনি বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন কে অগ্রাধিকার দেওয়ার দাবি করেছেন।

Be the first to comment