পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, গরিবদের পাশে দাঁড়ান, মন্ত্রিসভার বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :  উৎসব দোরগোড়ায়। দেবীপক্ষের  আগে মন্ত্রিসভার শেষ বৈঠকে আসন্ন পুজোয় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বৈঠকে মন্ত্রী, বিধায়ক ও শাসকদলের প্রতিনিধিদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, গন্ডগোল এড়াতে এলাকা ধরে ধরে বিশেষ নজরদারি রাখতে হবে। জনপ্রতিনিধিদের এলাকায় থাকতে হবে। উদ্যেশ্যপ্রণোদিত ভাবে গোলমাল পাকিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হতে পারে। নজর রাখতে হবে সেদিকেও।

পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ,  সাধারণ মানুষ, বিশেষত গরিব পরিবারগুলির পাশে থাকতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত সঞ্চয় থেকে তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কেউ যেন হুটহাট কারোর বিরুদ্ধে মন্তব্য না করেন। সংবাদমাধ্যমের সামনে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করে বলেও তিনি সতর্ক করে দেন।

বৈঠকে অর্থনৈতিক ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, পর্যটনের পর লজিস্টিক্স ব্যবসাকে শিল্পের মর্যাদা প্রদান। এর ফলে লজিস্টিক্স খাতে বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে সরকার। এর আগে একই মর্যাদা দেওয়া হয়েছিল পর্যটনকে। এছাড়া বৈঠকে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির ১৫টি শূন্যপদ পূরণের প্রস্তাব পাশ হয়। এর পাশাপাশি তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকনমিক করিডরের জন্য রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে ২০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে রাজ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*