কেনিয়ার (Kenya) প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কেনিয়ার (Kenya) প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা আজ কেরালার কুথাট্টুকুলাম-এ প্রয়াত হন। সকালে হাঁটতে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ফেলেছেন। বয়েস হয়েছিল আশি বছর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। রাইলা ওডিঙ্গাকে প্রিয় বন্ধু সম্বোধন করে সমাজমাধ্যমে তিনি বলেন, কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী একজন দক্ষ রাজনীতিবিদ ও ভারতের বন্ধু ছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই ওঁকে ঘনিষ্ঠভাবে জানতেন তিনি, বহু বছর ধরে তাঁদের এই সম্পর্ক ছিল। ভারতের সংস্কৃতি, মূল্যবোধ, প্রাচীন সভ্যতার প্রতি ওডিঙ্গার বিশেষ ভালবাসা ছিল বলে জানান প্রধানমন্ত্রী। ওঁর এই মানসিকতা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছিল। উনি ভারতীয় আয়ুর্বেদ ও ঐতিহ্যময়  চিকিৎসা ও ওষুধকে শ্রদ্ধা করতেন। ওঁর কন্যার স্বাস্থ্য উন্নতিতে যা বিশেষ সহায়ক হয়েছিল।

প্রধানমন্ত্রী তাঁর পরিবার, বন্ধু ও কেনিয়ার মানুষজনকে আন্তরিক সমবেদনা জানান।

প্রসঙ্গত, ছয় দিন আগেই কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর কন্যা ও পরিবারকে নিয়ে কেরালার কুথাট্টুকুলামে আসেন। প্রতিদিন সকালে তিনি হাঁটতে যেতেন। আজ ভোর ৬.৩০-এ আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। সংকটজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

সুবক্তা, তৃণমূলস্তরে সংযোগ রাখা এই  রাষ্ট্রনায়কের আমলে কেনিয়া আধুনিক গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে উঠেছিল। বিরোধী নেতা হিসাবেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*