কেরল হল কেরলম!! সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ ভারতের ছোট রাজ্য কেরলের নাম বদলে হচ্ছে কেরলম! আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর উপস্থিতিতে তাঁর নতুন কার্যালয় সেবা তীর্থে প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে।
২০২৪ সালের ২৪ জুন কেরল বিধানসভায় রাজ্যের নাম সর্বসম্মতিক্রমে কেরলম রাখার প্রস্তাব নেওয়া হয়েছিল। আজ কেন্দ্র এতে মান্যতা দেওয়ায় খুশি কেরলবাসী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই নাম বদলের প্রস্তাবকে মান্যতা দিয়ে কেন্দ্রও কেরলবাসীকে সুবার্তা দিল বলে অভিজ্ঞ মহল মনে করেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
সূত্রের খবর, মালয়লম ভাষায় কেরলের নাম কেরলমই ছিল। ১৯৫৬ সালের পয়লা নভেম্বর রাজ্যের সূচনায় কেরল নাম রাখা হয়। দীর্ঘদিন ধরে রাজ্যবাসী তা বদলে কেরলম করার দাবি জানিয়ে আসছেন।

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি এই নাম বদলের বিষয়ক বিল ২০২৬ কেরল বিধানসভায় পাঠাবেন। ওই রাজ্যের বিধানসভা তা নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যালোচনা করবে। রাজ্যের মতামত জানার পর কেন্দ্রীয় সরকার এই বিল রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে সংসদে চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও আইন দফতরের সমন্বয়ে সবুজ সঙ্কেত মেলার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই নাম বদল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বড় জয় বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*