ফের শীতের দাপট, কলকাতা ফের ১১ ডিগ্রির ঘরে

Spread the love

প্রতিবেদন : কলকাতায় তাপমাত্রা ফের কমল। দক্ষিণবঙ্গের পারদ নামল কমবেশি প্রায় ৬ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েক দিন এমনই থাকবে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাব উধাও। ফলে জাঁকিয়ে শীত গোটা রাজ্যে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। গত মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছিল। বৃহস্পতিবার ১১ ডিগ্রির ঘরে থাকার পর শুক্রবার কিছুটা বেড়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার ফের পারদ নিম্নমুখী। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের পৌঁছে গেল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। তবে আগামিকাল, রবিবার তাপমাত্রা হালকা বাড়তে পারে। ২ ডিগ্রি উঠবে পারদ। পৌষ সংক্রান্তিতে ফের কমবে। ফলে জাঁকিয়ে শীত আপাতত চলবে। উত্তরবঙ্গের ৬ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। দক্ষিণেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামিকাল রবিবার ও পরশু সোমবার তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে তাপমাত্রা এমন আশঙ্কাও রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*