রোজদিন ডেস্ক : তাঁর বিরুদ্ধে কয়লা দুর্নীতির অভিযোগ এনেছেন খোদ মুখ্যমন্ত্রী। প্রকাশ্য সমাবেশে নাম করে জানিয়েছেন তাঁর মাধ্যমে কয়লা চুরির টাকা যায় খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে। যা নিয়ে এবার অগ্নিশর্মা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠালেন মুখ্যমন্ত্রীকে। ৭২ ঘণ্টার মধ্যে এর উত্তর দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, উত্তর না পেলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি।
আই প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির অভিযানের বিরুদ্ধে শুক্রবার কলকাতায় বিশাল পদযাত্রা, সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, বিরোধী নেতা-সহ একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সব ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় উঠেছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সমাজমাধ্যমে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী জানান, ইডি তদন্ত থেকে নজর ঘোরানোর জন্য তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। কোনও প্রমাণ ছাড়া প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে এই সব বলার জন্য তাঁর সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এর বিরুদ্ধে তাঁর এই আইনি নোটিশ বলে জানান।

Be the first to comment