প্রতিবেদন: বেআইনি নির্মাণ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। আর তাতেই ফের বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ও জনপ্রতিনিধিরা। কারণ, যে বহুতলগুলি নিয়ে অভিযোগ, তার প্রায় সবগুলিই তৃণমূল আমলে তৈরি। অভিযোগ, গত কয়েক বছরে বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার, ক্যানাল ইস্ট রোডে উঠেছে দেদার বহুতল। এর মধ্যে চিহ্নিত অন্তত ৫০ টির বেশি বেআইনি বহুতল নির্মাণ অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে ওই নির্মাণগুলি ভাঙার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। শুক্রবার এই সংক্রান্ত মামলায় তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়ে ১৪ অক্টোবর সিবিআইকে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, সিবিআই প্রয়োজনে এর জন্য সিট গঠন করতে পারবে। অভিযোগ, অনুমতি ছাড়াই গজিয়ে উঠেছে এই সব নির্মাণ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। পুরসভা বা রাজ্য প্রশাসন কেন স্বতঃপ্রণোদিত হয়ে অনুসন্ধান করেনি তা নিয়েও শুনানিতে প্রশ্ন তোলে আদালত। আদালতের আরও প্রশ্ন, কেন বেআইনি হলে পুরসভা নিজে তা ভাঙবে না?

Be the first to comment