KOLKATA HIGH COURT: পুজোয় সিপিএমের ‘বুক স্টল, পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক: নৈহাটি, বনগাঁ, যশোহর রোড-সহ বিভিন্ন এলাকায় পুজোর সময় সিপিএমের অস্থায়ী বইয়ের স্টল বসাতে বাধা দেওয়ার অভিযোগ। যা নিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বুধবার সেই সংক্রান্ত মামলায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানতে চায়, পুজোর ক’দিন যশোর রোডে কারা কারা অস্থায়ী স্টল বসানোর অনুমতি পেয়েছেন, তার পূর্ণাঙ্গ তালিকা পুলিশকে লিখিতভাবে জানাতে হবে। একইসঙ্গে, এনিয়ে এদিনই রাজ্যকে সিদ্ধান্ত জানাতে হবে বলে জানিয়েছে আদালত। মামলাকারীদের দাবি, গত আড়াই দশক ধরে ওই এলাকায় দুর্গাপুজোর সময় বামেদের বইয়ের স্টল হয়ে আসছে। এবার পুলিশ অনুমতি দেয়নি। উল্টে অন্য একটি সংগঠনকে একই জায়গায় অস্থায়ী কাঠামো তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই আদালতে যায় সিপিএম। এদিন মামলার শুনানিতে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, বেলুন-বন্দুকের স্টল বসতে পারলে বইয়ের স্টল বসবে না কেন? রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, ওঁনারা তো বই বিক্রি করতে চান, খাবার না, বা লটারির দোকান করছে না, বুকস্টল করতে চাইছে। তাতে অসুবিধা কোথায়? এপ্রসঙ্গে বিচারপতি ভট্টাচার্য বলেন, রাজ্যের নীতি সবার ক্ষেত্রে সমান ভাবে প্রয়োগ করতে হবে। দিনের শেষে দেখা যাবে বন্দুক দিয়ে বেলুন ফাটাবার স্টল তৈরি হয়েছে, কিন্তু বইয়ের স্টল করতে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*