রোজদিন ডেস্ক : আপাতত কলকাতায় হকার উচ্ছেদ অভিযানে বিরতি। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কলকাতা পুরসভার টাউন ভেনডিং কমিটি। এদিন পালাবদলের পর এই প্রথম কলকাতা পুরসভায় টাউন ভেনডিং কমিটির বৈঠক হল। কলকাতা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানান কমিটির সদস্যরা। পুরসভার মুখ্য প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে কলকাতা পুরসভার হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। বৈঠকে ছিলেন হকার সংগ্রাম কমিটি সভাপতি শক্তিমান ঘোষ। বৈঠকে স্থির হয়েছে উচ্ছেদ আপাতত বন্ধ থাকবে। দিন ১৫ পর থেকে শুরু হবে হকারদের নিয়ে সমীক্ষা। বৈঠকে শহরের সমস্ত ফুটপাথের এক-তৃতীয়াংশ জায়গা শুধুমাত্র হকারদের জন্য বরাদ্দ থাকার কথা বলা হয়। বাকি দুই তৃতীয়াংশ পথচারিদের জন্য ছেড়ে রাখতে হবে বলে জানিয়েছেন শক্তিমান ঘোষ। ২০১৫ সালের তালিকা অনুযায়ী শহরে ২ লক্ষ ৭৫ হাজার হকার ছিল। কিন্তু কয়েক বছরে তা দ্বিগুণ হয়েছে। ফলে অনেক জায়গায় স্থায়ী দোকানদারদের সমস্যা হচ্ছে। ফুটপাত দখল করে হকার বসার জন্য যাতায়াতের সমস্যাও বেড়েছে। নতুন সরকার আসার পর বেআইনি দখলদার উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হলেও আপাতত কলকাতা পুরসভা এখনই উচ্ছেদ করবে না।

Be the first to comment