খরচ ৪৮ হাজার কোটি টাকা, কলকাতা বন্দরের হাত ধরে নতুন বাণিজ্যিক ও বিনোদন পার্ক পাচ্ছে শহর কলকাতা

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্য কলকাতার আর্মেনিয়ান ঘাটের পাশে তৈরি হবে একটি বড় মাপের আধুনিক বাণিজ্যিক প্রকল্প। অন্য আর একটি প্রকল্প হবে খিদিরপুরে বন্দর সংলগ্ন এলাকায়। সেখানে ইতিমধ্যেই গঙ্গার ধারে সৌন্দর্যায়নের কাজ শেষ হয়েছে এবং একটি আধুনিক রেস্তোরাঁও চালু হয়েছে। ওই রেস্তোরাঁর পাশের জমিতেই এই নতুন প্রকল্প গড়ে তোলা হবে। এভাবেই পড়ে থাকা জমিতে একাধিক প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিকীকরণ ও উন্নয়নে মোট ৪৮ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল। সম্প্রতি মুম্বইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫-এর মঞ্চে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। গঙ্গার তীরের সৌন্দর্যায়নের পাশাপাশি বন্দরের জমি বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে দুটি নামী রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। হলদিয়া বন্দরে রাসায়নিক সামগ্রী মজুত রাখার জন্য আধুনিক পরিকাঠামো তৈরিতে একটি বেসরকারি সংস্থা যুক্ত হচ্ছে। কলকাতা বন্দরে সিমেন্ট পরিবহণের জন্য নতুন টার্মিনাল গড়ে তোলার কাজেও এক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। হাওড়ার দিকে গঙ্গার ধারে লন্ডন হুইল-এর আদলে একটি বিনোদন পার্ক তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান জানিয়েছেন, এই প্রকল্পগুলির লক্ষ্য বাণিজ্যিক প্রসার এবং কলকাতা ও হলদিয়া বন্দরের পরিকাঠামোগত শক্তি বৃদ্ধি করা। এতে রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*