ভয়ঙ্কর ভূস্বর্গ! বিপাকে কলকাতার পর্যটন সংস্থাগুলি

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতায় ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পেতে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা পাড়ি দেন ভূস্বর্গে। কিন্তু ‘মিনি সুইৎজারল্যান্ড’ পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনশিল্পে। সেই আশঙ্কাই করছেন কলকাতার পর্যটন ব্যবসায়ীরা। নতুন করে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। এই ঘটনায় আসন্ন কাশ্মীর ভ্রমণ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কলকাতার পর্যটন সংস্থাগুলির কর্ণধারদের কপালে। বর্তমানে তাঁদের মাধ্যমে যে সমস্ত পর্যটক কাশ্মীরে গিয়েছেন, তাঁদের নিরাপদে বাড়ি ফেরানো নিয়েও উদ্বিগ্ন তাঁরা। ভ্রমণ সংস্থাগুলির আশঙ্কা, সারা বছর ধরে কাশ্মীর থেকে তাঁদের যে পরিমাণ ব্যবসা হত, তাতে এ বার মন্দা আসবে। ক্ষতির মুখোমুখি হতে চলেছে কাশ্মীরের পর্যটন, যা নিয়ে চিন্তায় কলকাতার সংস্থাগুলিও। এই বিষয়ে কলকাতার এক পর্যটন সংস্থার কর্ণধার বলেন, ‘এই মুহূর্তে আমাদের বেশ কয়েকজন অতিথি পহেলগাঁওয়ে আছেন। তাঁদের আগামিকাল শ্রীনগর পৌঁছে ফ্লাইট ধরার কথা। তাঁরা কী ভাবে ফিরবেন এখনও বুঝতে পারছি না। রাস্তার কী পরিস্থিতি থাকবে, নিরাপত্তা নিয়ে খুব চিন্তায় আছি। পর্যটন ব্যবসায়ীদের মতে, আগামী দিনে কাশ্মীরের পর্যটন একেবারে বন্ধ না-হলেও তার ধরনে কিছু পরিবর্তন আসবে। অনেকেই একা বা শুধু পরিবারের সঙ্গে সেখানে যাওয়ার আর সাহস পাবেন না। কাশ্মীরে দল বেঁধে ঘুরতে যাওয়ার ঝোঁক বাড়বে। কলকাতার আরও এক পর্যটন ব্যবসায়ীর কথায়, ‘এই ভয়ঙ্কর হামলার খবর প্রথম পাই পহেলগাঁওয়ে এক ঘোড়া ব্যবসায়ীর ফোন থেকে। এরপর একে একে পহেলগাঁওয়ে হোটেল মালিক, গাড়ি ব্যবসায়ীদের কাছ থেকেও ফোন পেতে থাকি। অনেকেই কাঁদছিলেন। তাঁরা বলছিলেন যে, আমাদের সর্বনাশ হয়ে গেল। ভ্রমণ সংস্থার এক কর্তা বলেন, “পহেলগাঁওয়ে যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে ৯৫ শতাংশ বাঙালি যান না। তবে নামটা যেহেতু পহেলগাঁওয়ে, অনেকেই ও দিকে যেতে এখন ভয় পাচ্ছেন। মঙ্গলবারের ঘটনার পর ওখানে অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন এবং সরকারের তরফে অভিযান চালানো হচ্ছে। সেনা নেমেছে। কপ্টার ঘুরছে। ফলে কাশ্মীরে এখন ভয়ের আবহ রয়েছে। ওখানকার পরিবেশ এখন পর্যটন-সহায়ক নয়। অনেকেই পরিস্থিতি জানতে চেয়ে আমাদের ফোন করছেন, নানা রকম প্রশ্ন করছেন। পর্যটন ব্যবসায়ীদের বক্তব্য, পহেলগাঁওয়ে গুলি চলেছে বটে কিন্তু আতঙ্ক শুধু সেখানেই আবদ্ধ থাকবে না। ভ্রমণপিপাসুদের কীভাবে নিরাপত্তার আশ্বাস দেবেন, তা নিয়েই ঘোরতর আশঙ্কায় কাশ্মীর ও কলকাতার পর্যটন মহল। শুধু গরমের ছুটির মরসুমই নয়, পুজোর মরসুমেও কাশ্মীরে পর্যটকদের পা রাখা নিয়ে এখন ঘোরতর অনিশ্চয়তা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*