কোনা এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার এবং ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২; দেখুন ভিডিও!

Spread the love
মাঝ রাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কোনা এক্সপ্রেসওয়ে। একটি গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায় দু’টি গাড়িতেই। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ট্যাঙ্কার ও ট্রেলার চালক। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ছ’টি ইঞ্জিন। ঘটনায় গুরুতর জখম এক ট্রাফিক পুলিশ কনস্টেবল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এইচপি গ্যাসের একটি ট্যাঙ্কার কোনা এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকে আসছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশের ধারণা, কোনও ভাবে ট্রেলার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারে ধাক্কা মারে। তাতেই বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় দু’টি গাড়িতেই।
এক প্রত্যক্ষদর্শী গাড়ি চালকের কথায়, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আগুন বিরাট আকার নিয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাতেও। পাশেই ছিল একটি ট্রাফিক পুলিশের ভ্যান। আগুন ধরে যায় তাতেও। এক পুলিশ কনস্টেবল মারাত্মক ভাবে জখম হয়েছেন। তাঁর শরীরের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার এক বাসিন্দা বলেছেন, “আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎই কান ফাটানো বিস্ফোরণের শব্দ শুনে বাইরে এসে দেখি চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ট্যাঙ্কার ও ট্রেলারে দাউদাউ করে আগুন জ্বলছে।”
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। পৌঁছন পুলিশ আধিকারিকরাও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মী অভিজিৎ পান্ডের কথায়, “আগুন ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছিল। দু’টি গাড়িই ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন দুই গাড়ির চালকই।”
দুর্ঘটনার পর কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল সাতটা অবধি বন্ধ থাকে যান চলাচল। তবে, এখন যান চলাচল স্বাভাবিক বলেই জানিয়েছে পুলিশ।

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*