রমিত সরকার কৃষ্ণনগর :
কৃষ্ণনগরের (Krishnanagar) নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক পথচারীর। মৃত ব্যক্তির নাম পিন্টু বিশ্বাস, বয়স আনুমানিক ৪০ বছর বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
চোখে দেখা প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার দুপুরে পিন্টু বিশ্বাস জেলখানার দিক থেকে চাষাপাড়া অভিমুখে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি ভারী লরি দ্রুতগতিতে বাসস্ট্যান্ডের দিকে আসছিল। অসাবধানতাবশত কিংবা ভারসাম্য হারিয়ে লরির পেছনের চাকা ওই পথচারীর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
অপ্রত্যাশিত এই ঘটনায় মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কৃষ্ণনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরিটিকে আটক করা হয় এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। চালক অসতর্ক ছিলেন, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার আধিকারিকরা।
তবে মৃত পথচারীর বাড়ি কোথায়, সে বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।
এই দুর্ঘটনার পরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত যানজট ও নিয়ম ভাঙা গাড়ির কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। ফলে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।

Be the first to comment